তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি ভঙ্গসহ নানা অনিয়ম নিয়ে এ পর্যন্ত ৩৯টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। শুধু তাই নয় পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে কমিশনে প্রতিদিনই কম-বেশি আসছেন, প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে ১৫টি অভিযোগের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিয়েছে ইসি। সব অভিযোগ আমলে না নেয়ায় ক্ষুব্ধ অভিযোগকারীরা। তবে নির্বাচন কমিশন বলছে, সব অভিযোগ খতিয়ে দেখেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২০শে ডিসেম্বর সাতক্ষীরার কলারোয়া উপজেলা ফুটবল মাঠে এক অনুষ্ঠানে ভোট চান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মারুফ আহম্মেদ। প্রকাশ্যে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনে ভোট চাওয়া আচরণবিধিমালার লঙ্ঘনের অভিযোগ এনে ওসিকে প্রত্যাহারের দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম। অবশ্য পরদিনই তাকে প্রত্যাহার করা হয়।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বাধীনতার পক্ষের শক্তি আমরা সবসময় আক্রান্ত হই। আমরা কখনও কাউকে আক্রমণ করি না। আমরা আমাদের গণতান্ত্রিক রীতিনীতি এবং ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি।’এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড.কামাল হোসেন বলেন, ‘সরকার নির্বাচিত করার জনগণের যে ক্ষমতা তা থেকে তারা যেন বঞ্চিত না হয়। এখন যেভাবে যে প্রক্রিয়া চলছে এর মধ্যে বঞ্চিত করার অপচেষ্টা অব্যাহত।‘
কমিশনের তথ্য অনুযায়ী নির্বাচনি আচরণবিধি ভঙ্গ, প্রার্থী ও কর্মীদের ওপর হামলা, গাড়ি ভাংচুর, প্রচারণায় বাধা, পোস্টার-লিফলেট ছিঁড়ে ফেলা নিয়ে তফসিল ঘোষণার পর থেকে ২৩শে ডিসেম্বর পর্যন্ত ৩৯টি অভিযোগ এসেছে। এগুলোর ১৫টির ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে, রিটার্নিং অফিসারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ৭ অভিযোগের বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে বলা হয়। ৫টি অভিযোগের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে নির্বাচন কমিশন অভিযোগ আমলে নেয়নি বলছেন কোনও কোনও অভিযোগকারী প্রার্থী। বগুড়া-১ বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নির্বাচন কমিশন একটা ঠুঁটো জগন্নাথের মতো। শুধু কথা শোনে। আমরা সবাই মিলে নির্বাচন কমিশনের সঙ্গে কয়েকবার কথা বলেছি, তবে এগুলোর ফলাফল আমরা পাইনি।’
অভিযোগগুলো লিখিতভাবে করার পরও কোনও প্রতিকার মেলেনি বলে জানিয়েছেন, গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমদ সিদ্দিকী। অন্যদিকে, প্রার্থীদের সব অভিযোগ আমলে নেয়া হচ্ছে বলে জানিয়ে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, প্রতিটি অভিযোগ বিশেষ করে রিটার্নিং অফিসার, পুলিশ সুপারের বিষয়ে কিছু কিছু অভিযোগ আমরা আমলে নিচ্ছি।‘ ২৭শে ডিসেম্বর রাত ১২টার পর থেকে বন্ধ হবে সব ধরনের নির্বাচনি প্রচার-প্রচারণা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























