আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধারাবাহিক নির্বাচনী গণসংযোগ এর অংশ হিসেবে রংপুর সফর করছেন। সকালে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক পথ সভায় যোগ দেন তিনি। এসময় দলীয় প্রার্থীদের ভোটার ও আওয়ামী লীগ নেতাদের সাথে পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা।
এ সময় শেখ হাসিনা বলেন এক সময় এর মঙ্গাকবলিত স্থান রংপুরে এখন উন্নয়নের জোয়ার। এখন আর এই অঞ্চলের মানুষ কাজের অভাবে খাদ্যের অভাবে থাকে না। রংপুরে নিজের শ্বশুর বাড়ি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই অঞ্চলের উন্নয়নের দায়িত্ব তার নিজের। বিএনপি-জামায়াত জোট সরকারের অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, ধানের শীষ মানে দুর্নীতি, লুটপাট, জনগণের সম্পদ আত্মসাৎ। আর নৌকায় ভোট মানে সমৃদ্ধি উন্নতি এবং দারিদ্র্য বিমোচন । এ সময় রংপুরে ছয় লেন সড়ক সহ বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করে অবহেলিত অঞ্চল টি কে জাগিয়ে তোলার প্রতিশ্র“তি দেন বঙ্গবন্ধু কন্যা।
শেখ হাসিনা বলেন, নৌকার প্রার্থীরা নির্বাচিত হলে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে দেশের উন্নয়নের চলমান অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বিকেলে শেখ হাসিনা যোগ দেবেন পীরগঞ্জের নির্বাচনী পথসভায়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























