ভোটকেন্দ্র পাহারায় এবার অস্ত্রধারী আনসার মোতায়েন থাকবে। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে একজন পুলিশের সাথে দশজন আনসার থাকবে, যাদের অর্ধেকের হাতে থাকবে অস্ত্র। সারাদেশে ৪০ হাজার ভোট কেন্দ্রে পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে। ইতোমধ্যে যাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। বিডি টাইম্স নিউজকে এসব তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। সীমান্তগুলোতে থাকবে কঠোর নিরাপত্তা।
দেশজুড়ে এখন নির্বাচনী উত্তাপ। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোট কেন্দ্র, আশপাশের এলাকা, সীমান্ত এলাকার জন্য সাজানো হয়েছে বিশেষ নিরাপত্তা ছক। সারাদেশে এবার ভোট কেন্দ্রের সংখ্যা ৪০ হাজার ১৮৩। র্যাব-পুলিশ ছাড়াও ভোটের দিন এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পাঁচ লাখ আনসার মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ সদস্যের সাথে দশজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে। যাদের মধ্যে ৪/৫ জনের কাছে অস্ত্র থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি জানান, নির্বাচনী সহিংসতা যাতে মাত্রা ছাড়িয়ে না যায়, সেজন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবস্থা বুঝে ভূমিকা পালনের জন্য এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপশি অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























