মাশরাফী বিন মোর্ত্তজাকে হীরার টুকরো বলে জাতীয় নির্বাচনে তার পক্ষে ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ধানমণ্ডিতে ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলবাসীর সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী ও মাশরাফী। সমর্থকদের উদ্দ্যেশে মাশরাফী বলেন- শিগগিরই নড়াইলে প্রচারণায় নামবেন তিনি। উইন্ডিজ সিরিজ জিতেই প্রচারণায় নেমেছেন টাইগার ওডিআই অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তবে নড়াইলে, ভক্ত-সমর্থকদের কাছে যেতে পারেননি এখনো। পায়ের ব্যথায় আপাতত ঢাকা থেকেই প্রচার চালাচ্ছেন।

ক্রিকেট মাঠে জনপ্রিয় মাশরাফী, এখন রাজনীতির মাঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ, নড়াইল-২ আসন থেকে মাশরাফীকেই বেছে নিয়েছে আওয়ামী লীগ। প্রচারে শেখ হাসিনাকে কাছে পেয়েছেন ম্যাশ। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন নড়াইলবাসীর সঙ্গে। মাশরাফীর পক্ষে ভোট চেয়েছেন শেখ হাসিনা।

মাশরাফীকে নিয়ে প্রধানমন্ত্রী বলেন,”মাশরাফি হিরার টুকরা, সোনার ছেলে, ক্রিকেট খেলোয়াড়। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারিয়েছি। আপনারা মাশরাফিকে ভোট দিবেন। মাশরাফি তার পায়ের ব্যাথার জন্য নড়াইলে যেতে পারেনি। তাকে আমার কাছে রেখেছি।” নড়াইলে স্বজন-বন্ধু-ভক্তরা মাশরাফীর পক্ষে প্রচারে নেমেছেন। প্রিয় মাশরাফীকে কাছে দেখতে চাইছে সবাই।

মাশরাফী বলেন, “আমাকে নৌকা মার্কায় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর সম্মান ও সমবেদনা প্রদর্শন করি। আমার পায়ের ব্যাথার জন্য নড়াইলে আসতে দেরি হচ্ছে। আমি অচিরেই এসে সকলের সঙ্গে যোগাযোগ করে নৌকায় ভোট চাইবো।”

আপাতত খেলা নেই, নির্বাচনি প্রচারেই সব মনোযোগ মাশরাফীর। মাঠের যোগ্য নেতাকে, রাজনীতেও সফল দেখতে চান সমর্থকেরা।

 

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে