এই সরকারকে অভিনয়ের জন্য অস্কার দেয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। আজ সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাণী হোটেলে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. কামাল হোসেন বলেন, ২০১৪ সালে হওয়া নির্বাচনের বৈধতা নিয়ে আদালতে আমাকে ডাকা হয়েছিল। সেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, পরিস্থিতি মোকাবেলার জন্য তারা ৫ জানুয়ারির নির্বাচন দিয়েছে। দ্রুত সব দলকে নিয়ে তারা আরেকটি নির্বাচন দেবে। কিন্তু সেই দ্রুত শব্দটির অর্থ এতদিনে বুঝতে পারলাম না। দ্রুত শব্দটা ডিকশনারিতে নতুন করে ঢুকানো দরকার যে দ্রুত শব্দ বলতে কত দ্রুত বোঝানো হয়। তিনি বলেন, ২০১৪ সাল থেকে সরকার দিচ্ছি দিচ্ছি বলে পাঁচ বছর কাটিয়েছে। এই সরকারকে অভিনয়ের জন্য অস্কার দেয়া উচিত। কারণ তারা এই দিচ্ছি এই দিচ্ছি অভিনয় করে পাঁচ বছর কাটিয়ে দিয়েছে।
২০১৪ সালের নির্বাচনের মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা হারিয়েছে অভিযোগ করে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, জনগণকে হাড়ে হাড়ে এর মাশুল দিতে হচ্ছে। এই বছরগুলোতে অর্থনীতি নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে। এ ছাড়া এই সরকারের আমলে সীমাহীন দুর্নীতি হয়েছে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। ব্যাংকের কথাতো বলবোই না, তাহলে রাষ্ট্রের ওপর মানুষ আস্থা হারাবে। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের মতো আমরাও বলতে চাই এই রাষ্ট্রের মেরামত প্রয়োজন। আমি চাই ৩০ ডিসেম্বর আপনারা দলে দলে জনে জনে ভোটকেন্দ্রে যাবেন ভোট দেবেন অনিয়ম রুখবেন।
পিবিডি
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























