মহান বিজয় দিবসে সারাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিফলক ও বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। দিনটি উদযাপনে সকাল থেকে বিজয় র্যালি, আলোচনা সভাসহ চলছে নানা কর্মসূচি।

সকাল ৬টায় চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সরকারি বিভিন্ন সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। এসময় স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আবারও জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বরিশালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
বগুড়ায় শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিসৌধে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া খুলনা, রংপুর, ময়নসিংহ ও সুনামগঞ্জসহ সারাদেশেই চলছে বিজয় দিবসের নানা কর্মসূচি।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























