ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উদয়পুর রাস্তার মাথা এলাকায় ও হাকিমুদ্দিন এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা চলাকালে প্রতিপক্ষ বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আওয়ামী লীগের ৫টি নির্বাচনী অফিস ও ৫টি মাইক্রোবাস ভাঙচুরসহ অন্তত ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।এ সময় মোহনা টিভির সাংবাদিকদের মারধর করে ক্যামেরা ছিনতাই করা হয়। এসময় ধাওয়া–পাল্টা ধাওয়ায় ও দুপক্ষের মধ্যে সংর্ঘষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে ভোলা–২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম ঢাকা থেকে লঞ্চযোগে বোরহানউদ্দিনের হাকিম উদ্দিনে আসেন। কিন্তু তিনি আসার আগেই সকালে বোরহানউদ্দিনের হাকিম উদ্দিন লঞ্চঘাট এলাকায় ইউপি চেয়ারম্যান কামরুল হাসানের নেতৃত্বে আওয়ামী লীগের গণসংযোগ চলাকালে অতর্কিতভাবে বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান সেলিমের নেতৃত্বে হামলা চালানো। এ সময় ২০টি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়। উদয়পুর রাস্তার মাথা এলাকায় ৫টি আওয়ামী লীগের নির্বাচনী অফিসসহ ৫টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।
একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে সংর্ঘষ ঘটে। এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে গুরুতরদের বোরহানউদ্দিন হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।এছাড়া সাংবাদিকরা ছবি তুলতে গেলে এশিয়ান টিভি, চ্যানেল এসটিভির ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। মারধর করা হয় প্রথম আলোর সাংবাদিক নেয়ামতউল্লাহ, এনটিভির সাংবাদিক আফজাল হোসেনকে।
অপরদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম ঘাটে এসে পৌঁছলে পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে তার বাসায় গিয়ে পৌঁছেন।অপরদিকে, ভোলা–২ আসনের প্রার্থী আলী আজম মুকুল সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, বিএনপির প্রার্থী দীর্ঘদিন পর এলাকায় আসায় শান্তির জনপদ অশান্ত হয়ে উঠেছে। তিনি কয়েকশ বহিরাগত সন্ত্রাসী নিয়ে এলাকায় প্রবেশ করেন। বোরহানউদ্দিন আসার আগেই দৌলতখানে লঞ্চ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনার জন্য আলী আজম হাফিজ ইব্রাহিমকে দায়ী করেন ইসিসহ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে ভোলা–২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম সাংবাদিকদের কাছে অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শুনেছেন বোরহানউদ্দিনে নেতাকর্মীরা লঞ্চঘাটে জড়ো হলে তাদের ওপর প্রতিপক্ষের লোকজনের হামলায় ১২ জন আহত হয়েছে।বোরহানউদ্দিন থানার এসআই মোহাইমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল থেকে আগুনে পোড়া মোটরসাইকেল উদ্ধার করেছে। তবে এখনো কেউ মামলা করেনি।
ফয়সল বিন ইসলাম নয়ন
ভোলা নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























