প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার চায় জনগণ সুষ্ঠুভাবে ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচিত করুক। কিন্তু বিএনপি যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিয়ে দেশকে ধ্বংসের পায়তারা করছে। বিকালে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব বলেন প্রধানমন্ত্রী। এসময় নির্বাচনে যুদ্ধাপরাধীদের প্রতিহত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটে এই আলোচনা সভার আয়োজন। বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় শেখ হাসিনা বলেন, ৭২ এর সংবিধান প্রনয়ন করে যুদ্ধাপরাধীদের রাজনীতির সুযোগ বন্ধ করেছিলেন জাতির পিতা। কিন্তু ৭৫ এর পর জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের পুনঃ প্রতিষ্ঠিত করে।

শেখ হাসিনা বলেন, ৭৫ এর ধারাবাহিকতায় বিএনপি আবারও যুদ্ধাপরাধী ও জঙ্গিদের নির্বাচনে মনোনয়ন দিয়ে প্রতিষ্ঠিত করছে। মানবতাবিরোধীরা নির্বাচিত হলে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্থ হবে। যুদ্ধাপরাধীদের বিষয়ে সতর্ক থাকতে জনগনের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বিএনপির নীতি না থাকায় মানবতাবিরোধীদের মনোনয়ন দিয়েছে। আর কামাল হোসেন গংদের লজ্জা নেই বিধায় বিএনপির সাথে জোট করেছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার চায় জনগণ সুষ্ঠ পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী নির্বাচিত করুক। তবে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অপরাধীদের ভোট না দেয়ার আহ্বান জানান তিনি। উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান শেখ হাসিনা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে