শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার সময় গাড়িবহরে হামলার অভিযোগ করে ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের মাঠ থেকে তাদের সরানো যাবে না। বিকেলে পল্টনে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ঐক্যফ্রন্ট নেতাদের ওপর হামলাকে পরিকল্পিত ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলেও অভিযোগ করেন তিনি।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ডক্টর কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রবসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করা হয়েছে জোটের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, যারা এই হামলা করেছে এবং হামলার নির্দেশ দিয়েছে তাদের বিচার হবে। এ ঘটনাকে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, ভীত হয়ে ঐক্যফ্রন্ট নির্বাচনের মাঠ ছাড়বে না।
সংবাদ সম্মেলনে আ স ম আব্দুর রব বলেন, প্রধানমন্ত্রী যদি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে প্রটোকল ব্যবহার করতে পারেন, তাহলে ডক্টর কামাল হোসেনকেও প্রটোকল দিতে হবে।
নির্বাচন কমিশন সরকারের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন নেতারা। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে শনিবার ঢাকা থেকে ময়মনসিংহ রোডমার্চ ও ষোল ডিসেম্বর বিজয় র্যালি করার ঘোষণা দেয়া হয়।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























