সিলেটে হযরত শাহাজালাল এবং শাহপরাণের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন ঐক্যফ্রন্ট নেতারা। এদিকে, দেশের বিভিন্ন জায়গায় দিনভর প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা। কোথাও কোথাও বাধা পাওয়ার অভিযোগ তুলেছেন তারা।
সিলেটে দুপুরের পর হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করেন ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা। জিয়ারত শেষে সেখান থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তারা। এ সময় ঐক্যফন্ট নেতা ডক্টর কামাল হোসেন অভিযোগ করেন, ভোটের সুষ্ঠু পরিবেশ এখনো নিশ্চিত হয়নি।
অন্যদিকে, সকালে ঠাকুরগাঁও সদর উপজেলাসহ বেশ কয়েকটি জায়গায় গণসংযোগ চালান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপি কোনো উস্কানিতে পা দেবে না। নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থাকবেন তারা। দেশের অন্যান্য এলাকাতেও প্রচারে ব্যস্ত বিএনপি ও জোট শরিকদের প্রার্থীরা। তবে বেশ কিছু জায়গায় প্রচারে বাধা পাওয়ার অভিযোগ তুলেছেন তারা। ঢাকা ৮ ও ৯ আসনে সকালে প্রচার চালান বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। তবে বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় দৃর্বৃত্তদের হামলার অভিযোগ করেছেন আফরোজা আব্বাস। রাজধানীতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেছেন দলের প্রার্থীরা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























