সোমবার(১০/১২/১৮) থেকে রাজেন্দ্রপুর সেনানিবাসে দু’দিনব্যাপী ”Achieving Operational Readiness” শীর্ষক বহুজাতিক সেমিনার শুরু হয়েছে।
শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশসমূহ কর্তৃক জাতিসংঘ মিশনে নিয়োজিত হওয়ার পূর্বে আভিযানিক প্রস্তুতির নিশ্চয়তা এবং দক্ষতা বৃদ্ধির মূল বিষয়গুলো সম্পর্কে মতবিনিময় করা উক্ত সেমিনারের উদ্দেশ্য। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং(বিপসট)’র সার্বিক তত্ত্বাবধানে এবং জাতিসংঘ সদর দপ্তরের United Nations Department of Peacekeeping Operations’র ব্যবস্থাপনায় শুরু হয়েছে এই সেমিনার।

সেমিনারে ১৮টি দেশের সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ ছাড়াও জাতিসংঘের উচ্চপদস্থ বিশেষজ্ঞসহ ৫৫ জন বিদেশী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধতন কর্মকর্তাগণসহ প্রায় ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সেমিনারের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ (General Aziz Ahmed) বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত (Masihuzzaman Serniabat) বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জাতিসংঘ সদর দপ্তরের পক্ষ থেকে মেজর জেনারেল হিউ ভ্যান রোজেন, সহকারী সামরিক উপদেষ্টা, অফিস অব মিলিটারি এ্যাফেয়ার্স, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মি. ল্যারি সুইফট, ট্রেনিং প্রোগ্রাম ম্যানেজার, গ্লোবাল পিস অপারেশনস্ ইনিশিয়েটিভ এবং দেশ ও বিদেশের উচ্চপদস্থ সামরিক ও অসামরিক আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে অংশগ্রহনকারী দেশসমূহ হলো অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, কাজাকস্থান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড, ইউএসএ এবং ভিয়েতনাম।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























