মহাজোটের ৩০০ আসনের প্রার্থী তালিকা চুড়ান্ত হয়েছে। নানান জল্পনা কল্পনা শেষে ক্ষমতাসীনদের কাছ থেকে ২৬টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে মহাজোটের শরিক ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে। এছাড়া ১৪ দল ও যুক্তফ্রন্টের শরিকদের ১৬টি আসন দিলো ক্ষমতাসীন দল। সব মিলিয়ে নিজেদের জন্য ২৫৮ আসন রেখে শরিকদের জন্য মোট ৪২টি আসন ছাড়লো মহাজোটের নেতৃত্বে থাকা আওয়ামী লীগ।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নিজেদের জন্য ২৫৮ আসন রেখে মহাজোটের প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে রোববার নির্বাচন কমিশন সচিবের কাছে দেয়া তালিকা অনুযায়ী প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দের অনুরাধ জানানো হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিক ও দশম সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে এবার ২৬টি আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ। তবে ১৭৩টি আসনে প্রার্থী রেখেছে হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি।
আসন বন্টন নিয়ে মহাজোটের নতুন শরিক যুক্তফ্রন্টে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত তিনটি নিয়েই খুশি থাকতে হচ্ছে তাদের। এছাড়া পুরনো মিত্র ১৪ দলের ওয়ার্কাস পার্টিকে পাঁচটি, জাসদ-ইনুকে তিনটি, জাসদ-আম্বিয়াকে একটি, তরিকত ফেডারেশনকে দুটি ও জাতীয় পার্টি-জেপিকে দুটি আসন দিয়ে ৩০ ডিসেম্বরের ভোট যুদ্ধে অংশ নিতে যাচ্ছে আওয়ামী লীগ।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























