প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত প্রতিকূলতাকে মোকাবেলা করে সমাজে নারীদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে সফল হয়েছে তাঁর সরকার।
সকালে, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বেগম রোকেয়া দিবসে’র অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে নারীদের জন্য সুযোগ তৈরির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। এসময়, সন্তানদের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে মায়েদের সতর্ক থাকার আহবান জানান তিনি। এর আগে, ‘বেগম রোকেয়া পদক’প্রাপ্ত পাঁচজনের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, সন্তানের পরিচয়ে মায়ের নাম তাঁর সরকারই প্রথম অন্তর্ভুক্ত করেছে। রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার মাধ্যমে এদেশের নারীসমাজ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























