সরকার ব্যাংকিং কমিশন গঠন না করলে, নাগরিক ব্যাংকিং কমিশন গঠন করবে বেসরকারি গবেষণা সংস্থা-সিপিডি। সকালে রাজধানীর একটি হোটেলে ব্যাংকিং খাত নিয়ে আলোচনায় একথা জানান সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করা সহ জরুরি ভিত্তিতে পাঁচটি ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয় সিপিডি।
ঋণ বিতরণ ও আদায়ে দুর্নীতি, খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি, মূলধন ও প্রভিশন ঘাটতিসহ নানা সমস্যায় জর্জরিত ব্যাংক খাত। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে, ব্যাংক ব্যবস্থা থেকে বিতরণ করা ঋণের প্রায় ১১ শতাংশ এখন খেলাপি হয়ে গেছে। শৃঙ্খলা ফেরাতে কয়েক বছর আগেই একটি ব্যাংকিং কমিশন গঠনের কথা বলেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে চলতি বাজেট ঘোষণার পর এ সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।
গবেষণা সংস্থা সিপিডি বলছে, আগামীতে সরকার ব্যাংকিং কমিশন গঠন না করলে, তারাই এ বিষয়ে কাজ করবে। ব্যাংক খাতের আস্থার ঘাটতি দেখা দিলে তা আন্তজার্তিক লেনদেনে নেতিবাচক প্রভাব ফেলবে, বলছেন অর্থনীতিবিদরা। আস্থা ফেরাতে রাজনৈতিক স্বদিচ্ছার ওপর জোর দেন তারা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























