রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুক।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুক্রবার জেলা রিটার্নিং অফিসারকে আওয়ামী লীগ মনোনীত চূড়ান্ত প্রার্থী আকবর হোসেন খান পাঠান ফারুককে নৌকা প্রতীক বরাদ্দ দেয়ার জন্য চিঠি দিয়েছেন। ফলে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান হলো। তাকে চূড়ান্ত মনোনয়ন দেয়ায় স্বস্তি ফিরেছে নেতাকর্মীদের মাঝে। এর আগে, গাজীপুর-৫ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন চিত্রনায়ক ফারুক। তবে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমানে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
নায়ক ফারুক স্কুলজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৬৬ সালে ছয়দফা আন্দোলনে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও অংশ নেন তিনি। শুরু থেকেই তাঁর স্বপ্ন ছিল বাপ-দাদার এলাকা কালীগঞ্জকে ঘিরে। তবে তিনি বলেছিলেন, দেশের যেকোনো জায়গা থেকে লড়ার মতো যোগ্যতা আছে তাঁর। কারণ সারা দেশের মানুষই তাঁর ভালোবাসার এবং খুব আপন।
শাফায়েত উল্লাহ,
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























