এবার গৃহস্থালী বর্জ্য থেকেই বিদ্যুৎ উৎপাদন করা হবে। এজন্য প্রকল্প হাতে নিচ্ছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর থেকেই পাওয়া যাবে বর্জ্য থেকে বিদ্যুৎ। বিশ্লেষকরা বলছেন, এতে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমার পাশাপাশি পরিবেশ দূষণও কমবে।

দেশের ১২৬ টি বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন হচ্ছে ১১ হাজার ৬২৩ মেগাওয়াট বিদ্যুৎ। সক্ষমতা রয়েছে ২০ হাজার মেগাওয়াটের বেশি। তবে এর পাশাপাশি বিকল্প উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে নজর দিচ্ছে সরকার। ইতিমধ্যে সফলতা এসেছে সোলার হোম সিস্টেমে। এবার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে পরীক্ষামূলক প্রকল্পের কাজ শুরু হয়েছে ঢাকার কেরানিগঞ্জে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, দেশজুড়ে প্ল্যান্ট স্থাপনে বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সাথে চুক্তি সই হয়েছে।

প্রায় ২ কোটি মানুষের বসবাস ঢাকা শহরে। প্রতিদিন শহরটিতে প্রায় ১০ হাজার টনের মত বর্জ্য জমে। এ বর্জ্য দিয়ে অন্তত ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা বলছেন, সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে কমে আসবে বিদ্যুৎ উৎপাদন খরচ। ঘনবসতিপূর্ণ হওয়ায় দেশের জন্য এ ধরনের প্রকল্পে ব্যাপক সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।

 

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে