মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। আজ নিস্পত্তি হবে ১৬০ জনের আপিল। শনিবারের মধ্যে নিষ্পত্তি হবে ৫৪৩টি আবেদন। সকাল সাড়ে ১০টা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের দশম তলায় স্থাপিত এজলাসে আপিল শুনানি শুরু হয়। শুনানিতে দুপুর ১টা পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৩জন। ২২ জনের বাতিল, তিন জনের স্থগিত এবং আপিলে না মঞ্জুর হয়েছে একজনের।
আজকের শুনানি শুরু হয় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নবাব মো. শামছুল হুদার আপিলের মধ্য দিয়ে। এ দফায় আপিলেও তাঁর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এরপর ছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বগুড়া-৭ আসনে দলের মনোনীত বিকল্প প্রার্থী মোরশেদ মিলটনের আপিলের শুনানি। শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ সময় ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক ও ঢাকা-২০ আসনের তমিজ উদ্দিনও প্রার্থিতা ফিরে পান। তাঁরা দুজনই বিএনপির প্রার্থী।
কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন ও পটুয়াখালী-৩ আসনে মো. গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ-২ আসনে মো. আবদুল মজিদ প্রার্থিতা ফিরে পান।
মনোনয়নপত্র বৈধ হয়েছে জামালপুর-৪ আসনে বিএনপির প্রার্থী মো. ফরিদুল কবির তালুকদার (শামীম)। পটুয়াখালী-৩ আসনে মোহাম্মদ শাহজাহান প্রার্থিতা ফিরে পান।
মাদারীপুর-১ আসনের জহিরুল ইসলাম মিন্টু এবং সিলেট-৩ আসনের আবদুল কাইয়ুম চৌধুরীও আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন। এছাড়া প্রার্থীতা ফিরে পেয়েছেন, পাবনা ৩ হাসাদুল ইসলাম, গাজীপুর-২ মো. জয়নাল আবেদিন, ব্রাহ্মনবাড়িয়া-৬ জেসমিন নূর বেবী, রংপুর-৪ মোস্তফা সেলিমসহ ৪৩জন। মেজর (অব.) মো. আখতারুজ্জামান ও গোলাম মাওলা রনিসহ ৪৩ জনের মনোনয়নপত্র এখন পর্যন্ত বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আপিলে এ পর্যন্ত বাদ পড়ছেন যারা: ২৯৯-রাঙ্গামাটি অমর কুমার দে, দিনাজপুর-১ পারভেজ, মাদারীপুর-১ জহিরুল মিন্টু, ফেনী-১ মিজানুর রহমান, কিশোরগঞ্জ-৩ মিজানুল হক, ময়মনসিংহ-৪ আবু সাইদ মহিউদ্দিনসহ ২২ জনের মনোনয়ন বাতিল, ৩জনের স্থগিত এবং , বগুড়া-৪ আসনে হীরু আলমের মনোনয়ন না মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলের শুনানি শুরু হলে তাদের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা দেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী দুপুর দুইটায় ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র যাচাই বাছাই করবে ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























