মারাত্মক হার্ট অ্যাটাক হওয়ায় ডেসটিনি গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ রফিকুল আমীনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালের স্থানান্তর করা হয়েছে। বিকেলে হার্ট অ্যাটাক করার পর প্রথমে ঢাকা মেডিকেলে নেয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ছয় বছর ধরে কারাগারে আছেন ডেসটিনি গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ রফিকুল আমীন। দীর্ঘ দিন কারাগারে থাকায় হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনির সমস্যাসহ নানাবিধ জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার, এক মামলায় হাজিরা দিতে কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয় তাঁকে। সেখান থেকে কারাগারে নেয়ার পর হার্ট অ্যাটাকে আক্রান্ত হন রফিকুল আমীন।
অবস্থা গুরুতর দেখে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারা কর্তৃপক্ষ। পরে শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে রফিকুল আমীনের এনজিওগ্রাম করার পর হার্টে রিং বসানো হয়। বর্তমানে হাসপাতালের সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, রফিকুল আমীনের শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।
দুদকের দুই মামলায় রফিকুল আমীন ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত ওই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন। তখন থেকেই কারাগারে রয়েছে তিনি।
দীর্ঘ কারাবাসে বিভিন্ন সময় হৃদযন্ত্রের সমস্যায় ভোগেন মোহাম্মদ রফিকুল আমীন। এ কারণে বারডেম ও বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাও নেন তিনি।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ
























