সারা দেশে ভোট কেন্দ্রের নিরাপত্তায় কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করেছে পুলিশ সদর দপ্তর। সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে এ সেল থেকে। এছাড়াও, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি চিহ্নিত অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চলবে ডিসেম্বরের শুরু থেকে।

একাদশ সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশের সব কটি বিভাগে আলাদা তদারকি সেল গঠন করেছে পুলিশ। এছাড়া পুলিশ সদর দপ্তর থেকে গঠন করা হয়েছে কেন্দ্রীয় কমান্ড সেল। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মাধ্যমে সব ভোট কেন্দ্রের খবর আসবে এই কমান্ড সেলের হট নম্বরে। যেকোন অরাজক পরিস্থিতির চেষ্টা শক্ত হাতে প্রতিহত করতে নেয়া হয়েছে কয়েক স্তরের পরিকাল্পনা।
সংখ্যালঘুদের নিরাপত্তা- পেশীশক্তির ব্যবহার রোধ, অবৈধ অস্ত্র ও অর্থের ছড়াছড়ি বন্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিশেষ অভিযান চালাবে পুলিশ। গত ৩ মাসে সারা দেশে পুলিশের অভিযানে ৭৯৪টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৪৫৭টি বিস্ফোরক উদ্ধার হয়েছে। আটক হয়েছে ১ হাজার ৩৭ জন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























