তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘রাজাকার-জামাতী-যুদ্ধাপরাধী ও জঙ্গি-সন্ত্রাসীদের নিয়ে গণতন্ত্র হয়না, রাজাকারতন্ত্রই হয়। আর জাতীয় ঐক্য ফ্রন্ট সেই অপচেষ্টাই করছে।’ শনিবার সকালে পয়লা ডিসেম্বর প্রস্তাবিত মুক্তিযোদ্ধা দিবসে ঢাকায় মিরপুরের মাজার রোডে শহীদ মুক্তিযোদ্ধা কবরস্থানে কেন্দ্রীয় বেদীতে পুষ্পার্পণকালে মন্ত্রী একথা বলেন।

ইনু বলেন, ‘২০০৪ সালের ১২ জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা সমাবেশে বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি উত্থাপিত হবার পর থেকে এদিবস পালিত হয়ে আসছে। এই মহান দিনে আমরা সকল মুক্তিযোদ্ধার প্রতি অকুন্ঠ সম্মান আর রাজাকার-যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের প্রতি ঘৃণা জানাই।’ দেশবাসী ও সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়ে মুক্তিযোদ্ধা ইনু বলেন, ‘রাজাকার-জামাতী-যুদ্ধাপরাধী-জঙ্গিদের পরিত্যাগ করুন এবং দেশকে মুক্তিযুদ্ধের মহান চেতনায় এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হোন।’

মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি এড. হাবিবুর রহমান শওকত এবং জাতীয় স্বেচ্ছাসেবক জোটের আহবায়ক সামছুল ইসলাম সুমন এসময় মুক্তিযোদ্ধা স্মৃতি বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দীন মোল্লা, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে