নির্বাচন বানচালের জন্যই পুলিশের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে বিএনপি। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
যারা হামলা চালিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে, হামলায় ১৩ পুলিশ সদস্য ও ৩ আনসার সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। পুলিশ মারমুখী আচরণ দেখায়নি বরং ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিয়েছে।
পুলিশ বলছে, বিএনপি নেতাকর্মীরা বিনা উস্কানিতে হামলা করেছেন। অন্যদিকে বিএনপির দাবি, পুলিশ কোনো উস্কানি ছাড়াই নেতাকর্মীদের ওপর প্রথমে হামলা করে। ঘটনার পর সাংবাদিকদেরকে মতিঝিল জোন পুলিশের ডিসি আনোয়ারুল ইসলাম দাবি করেন, বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে।
সকাল ১১টার দিকে বিএনপি নেতা মির্জা আব্বাস বড় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশের সাথে ধস্তাদস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে বিএনপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পুলিশ টিয়ারশেল ছুঁড়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়ে। পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























