প্রথম তফসিল থেকে ৭ দিন পিছিয়ে জাতীয় নির্বাচনের ভোট হচ্ছে ৩০ ডিসেম্বর। বিএনপি, ঐক্যফ্রন্ট, বিকল্পধারাসহ বিভিন্ন দল ও জোটের দাবি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে ইভিএম মেলা উদ্বোধন করে এ কথা জানান সিইসি। পুনঃতফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ ডিসেম্বর আর প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর। আট নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সে সময় ভোটের দিন নির্ধার হয়েছিলো ২৩ ডিসেম্বর। এর পর দিনই ভোট পেছানোর দাবি আসে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে। একই দাবিতে নির্বাচন কমিশনে চিঠিও দেয় তারা। একই বক্তব্য ছিলো যুক্তফ্রন্ট ও গণতান্ত্রিক ঐক্য জোটের।

সোমবার ইভিএম মেলার উদ্বোধন করতে এসে সিইসি জানান, সব দল নির্বাচনে আসছে বলে, নতুন তফসিল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এতে মনোনয়নপত্র জমার সময় ১০ দিন বাড়িয়ে হচ্ছে ২৮ নভেম্বর। সিইসি বলেন, নির্বাচন কমিশনে অনেকগুলো দল ভোট পেছানোর দাবি জানিয়েছিল, যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে ইসি।
পাশাপাশি গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য সবার সহযোগিতাও চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























