ঐক্যফ্রন্টের নির্বাচনে আসার সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার বিকেলে দলের সংসদীয় বোর্ডের সভায় তিনি এ অভিনন্দন জানান। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এবার যুক্তফ্রন্টকে নিয়ে মহাজোটের আকার বাড়তে পারে।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন, জোটগত অবস্থানসহ জরুরি বিষয়গুলো চূড়ান্ত করতে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বসে দলের সংসদীয় বোর্ডের সভা।

সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যফ্রন্টসহ অনান্য জোট ও দলের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তকে অভিনন্দন জানান আওয়ামী লীগ সভাপতি। প্রধানমন্ত্রী বলেন, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চান বলেই ঐক্যফ্রন্টের ৭ দফার ৫ দফা তিনি মেনে নিয়েছেন।

সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, কোন দল বা জোটের দাবিতে নির্বাচন কমিশন তফসিল পেছালে আওয়ামী লীগের আপত্তি থাকবে না। ১৪ দল নৌকার ব্যানারে থাকলেও, মহাজোটের হয়ে জাতীয় পার্টি ও যুক্তফ্রন্টের দলগুলোর নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারে বলে ইঙ্গিত দেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক।

ধানমন্ডিতে আওয়ামীলীগ সভাপতির কার্যালয়ে বুধবার সকাল ১১ টা থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। আর আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ ও জমার শেষ সময় সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে