একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বর। জাতির উদ্দেশে ভাষণে ভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজনৈতিক বিরোধ রাজনৈতিকভাবেই মীমাংসা করার তাগিদ দিয়েছেন সিইসি। জাতির উদ্দেশে সন্ধ্যা ৭টায় দেয়া ভাষণে পাঁচ পৃষ্ঠার বক্তব্য পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচন করতে গত বছরেই কর্মপরিকল্পনা তৈরি করে নির্বাচন কমিশন। এর ভিত্তিতেই এগিয়েছে ইসি।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, যাচাই-বাছাই ২২ নভেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর আর ভোট ২৩ ডিসেম্বর। প্রায় ৭ লাখ নির্বাচনি কর্মকর্তা এবার দায়িত্ব পালন করবেন। আইন-শৃংখলা রক্ষায় মাঠে থাকবেন পুলিশ, বিজিবি, র‍্যাব, কোস্ট-গার্ড, আনসার ও গ্রাম পুলিশের ৬ লাখের বেশি সদস্য। অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন করা হবে সশস্ত্র বাহিনী। ভোটের দিন পোলিং এজেন্টদের ফলাফল নিয়ে কেন্দ্র ত্যাগের আহ্বান জানান তিনি।

প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের ওপর জোর দিয়ে রাজনৈতিক দলের বিরোধ রাজনৈতিকভাবেই মিমাংসার পরামর্শ দেন সিইসি। পোলিং এজেন্টদের বিরুদ্ধে অযথা মামলা বা হয়রানি না করতে আইন-শৃংখলা বাহিনীকে নির্দেশ দেয়ার কথা জানান তিনি। আশ্বস্ত করেন, ভোটে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।

তথ্য প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে একাদশ সংসদ নির্বাচনে প্রথমবার ইভিএম ব্যবহার করতে যাচ্ছে নির্বাচন কমিশন। থাকবে অনলাইনে মনোনয়ন জমা দেয়ার ব্যবস্থা। তবে প্রার্থীরা আচরণবিধি না মানলে এবং প্রতিদ্বন্দ্বীকে সুযোগ দেয়ার মনোভাব না দেখালে ব্যর্থ হয়ে যাবে এসব আয়োজন। তাই একটি উৎসব মুখর নির্বাচন করতে রাজনীতিবিদ ও ভোটরদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ সিইসির।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে