নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ফলাফল জানাতে প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন ছিল,তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন স্থগিত রেখে পরিবর্তিত তারিখে জানিয়ে দেয়া হবে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যেমে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বহুল প্রত্যাশিত এই সংলাপ বুধবার রাতে ১৪ দলীয় জোট ও ২৫টি রাজনৈতিক দলের মধ্যে অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। গত ১ নভেম্বর ১৪ দল ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সংলাপের মাধ্যমে এই সংলাপ শুরু হয়। বুধবার সকালে গণভবনে এই দুই জোটের মধ্যে দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত হয়।
ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের সঙ্গে ২ নভেম্বর, ১৪ দলীয় নেতৃবৃন্দের সঙ্গে ৪ নভেম্বর এবং এইচ এম এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সংলাপ ৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। অন্যদিকে ৬ নভেম্বর ১২টি উল্লেখযোগ্য ইসলামিক দল ও ৮টি বাম দলীয় মোর্চা বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে ১৪ দলীয় জোটের সংলাপ অনুষ্ঠিত হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























