একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে কাল সন্ধ্যা ৭টায়। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তফসিল ঘোষণার এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ইসির সঙ্গে বিকালে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, সরকার নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে না।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণ আগেই নিশ্চিত করেছিল নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনার ফলাফল দেখে তফসিল ঘোষণা করতে জোটটির পক্ষ থেকে অনুরোধ করা হলেও সংবাদ বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার আগের ঘোষিত সময় ঠিক রাখার সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এদিকে রাজনৈতিক দল ও বিভিন্ন জোটের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে নির্বাচন কমিশনে যায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করে তফসিল ঘোষণার বিষয়ে পূর্ণ সমর্থন জানায় ইসিকে।
বৈঠকে নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে আওয়ামী লীগ প্রার্থীরা আচরণবিধি মেনে চলবে বলেও কমিশনকে আশ্বস্ত করেন করেন এইচ টি ইমাম। পরে তিনি সাংবাদিকদের জানান, সব দলই নির্বাচনে অংশ নেবে বলে আশা করছেন তারা। সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব বলেন, তফসিলের সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে আইনশৃংখলা বাহিনী ব্যবস্থা নেবে।
ইসি সচিব বলেন, নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে কমিশন সবার পরামর্শ নিলেও সিদ্ধান্ত নেবে নিজেদের মতো করেই। এর আগে জাতীয় পার্টির চেয়ার হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করে কমিশনের সঙ্গে। তফসিলের তারিখ না পেছানোসহ ৮ দফা দাবি তুলে ধরেন তারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























