রাজনৈতিক সংলাপ ব্যর্থ হলে নির্বাচন নিয়ে সংশয় বাড়বে। সহিংস পরিস্থিতিও সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের মতে সুফল পেতে সর্বোচ্চ ছাড় দিতে হবে সব পক্ষকে। ক্ষমতাসীন ১৪ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ নিয়ে প্রতিক্রিয়ায় এসব মত দেন বিশ্লেষকেরা।

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে চলছে রাজনৈতিক সংলাপ। ৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সাথে ক্ষমতাসীন দলের আলোচনা চলবে। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে। এতে রাজনৈতিক টানাপোড়েন কমলো কি না তা এখনো স্পষ্ট হয়নি।

সরকার ও প্রতিপক্ষকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের মতে, সমাধানের কোন বিকল্প নেই। সাবেক এক নির্বাচন কমিশনার বললেন, এই সংলাপের কারণে তফসিল দিতে যেন দেরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আগের মত এই সংলাপ নিয়েও আশাবাদী হতে পারছেন না সুলতানা কামাল। তিনি বলছেন, আলোচনার এই প্রক্রিয়া সফল না হলে সংলাপ হবে শুধুই আনুষ্ঠানিকতা।

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সব দলকে নির্বাচনমুখী হওয়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে