শুক্রবার (২’রা নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পৌনে আটটায় সংলাপ শুরু হয়, শেষ হয় রাত সাড়ে ১০ টায়। সংলাপে আওয়ামী লীগ ও ১৪ দলের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অন্যদিকে যুক্তফ্রন্টের পক্ষে নেতৃত্ব দেন যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডা. বদরুদ্দোজা চৌধুরী। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ। যাতে জনগণ তাদের নেতা খুঁজে নিতে পারেন। আর সেই নির্বাচনে সব দলের অংশগ্রহণে কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যায় গণভবনে যুক্তফ্রন্টের সাথে সংলাপের শুরুতে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব না। গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক। তাহলেই উন্নয়নের গতি সচল থাকবে। এর আগে, সাড়ে ৭টার আগে সংলাপের জন্য বিকল্পধারার প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের র্শীষনেতা একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল গণভবনে পৌঁছান। সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বি চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন- বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহসভাপতি মাহমুদা চৌধুরী, মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক এবং নির্বাহী সদস্য সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী, সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, বিএলডিপি সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান (এনডিপি) খোন্দকার গোলাম মোর্ত্তুজা, মহাসচিব মঞ্জুর হোসেন ইশা, বাংলাদেশ জনতা পার্টির সভাপতি শেখ আসাদুজ্জামান, জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনাইটেড মাইনরিটি ফ্রন্টের সভাপতি দীলিপ কুমার দাশ এবং লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























