একাদশ সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আর/পি/ও সংশোধন করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির স্বাক্ষরে সংশোধিত আইনের অধ্যাদেশ জারি করা হয়।
অর্থাৎ দশম সংসদের অধিবেশন শেষ হয়ে যাওয়ায় এখন থেকে অধ্যাদেশটিই আইনে পরিনত হবে, পরের সংসদে এটি অনুমোদন করা হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বুধবার রাতে জানান, আরপিও সংশোধন অধ্যাদেশে রাষ্ট্রপতি আবদুল হামিদ সই করেছেন। আরপিও সংশোধনী অনুযায়ী, মনোনয়নপত্র জমার আগপর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এত দিন মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে প্রার্থীদের খেলাপি ঋণ পরিশোধ করতে হতো। এছাড়া বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে।
সংশোধিত আরপিওতে ইভিএমের অপব্যবহার করলে সর্বনিম্ন তিন বছর এবং সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এখন আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা হবে। একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সিইসিসহ নির্বাচন কমিশনারদের দেখা করতে যাওয়ার আগের দিনই এ অধ্যাদেশ জারি হল।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























