আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে সংলাপ শেষে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে ঐক্যফ্রন্ট। গণভবনে পৌঁনে চার ঘণ্টার আলোচনা শেষে ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেয়া ডক্টর কামাল হোসেন জানান, সংলাপ ভালো হয়েছে। তবে অসন্তোষ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণভবনে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের সঙ্গে সংলাপে বসেন ঐক্যফ্রন্টের ২০ নেতা।

ঐক্যফ্রন্টে গঠনের সপ্তাহ দুইয়ের মধ্যেই সংলাপ চেয়ে দেয়া চিঠির জবাবে, রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নির্ধারিত সময়ের আগেই গণভবনে আসেন ডক্টর কামাল হোসেন ও মির্জা ফরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্ট নেতারা। তবে, তালিকায় নাম থাকলেও অনুপস্থিত বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
প্রায় পৌঁনে চার ঘণ্টা ধরে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে, শেখ হাসিনার নেতৃত্বে আলোচনা করেন আওয়ামী লীগ ও ১৪ দলের প্রতিনিধিরা। তবে, খালেদা জিয়ার মুক্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় সন্তুষ্ট নন বিএনপি মহাসচিব।

সংলাপ শেষেই ঐক্যফ্রন্ট নেতারা যান ডক্টর কামাল হোসেনের বাসভবনে। সংক্ষিপ্ত সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন ডক্টর কামাল। বলেন, সংলাপে খোলামেলাভাবে অনেক বিষয় কথা হয়েছে, আর এ আলোচনা হতে পারে ভবিষ্যতেও। পাশাপাশি, প্রধানমন্ত্রী কিছু বিষয় মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান ঐক্যফ্রন্ট নেতারা। ৭ দফা দাবি আদায়ে সংলাপের পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতৃত্ব।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ



























