জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ চার আসামিকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা এবং ট্রাস্টের জন্য কেনা সব জমি রাষ্ট্রের পক্ষে বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে।
দুপুরে রাজধানীর নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত আদালত এই রায় ঘোষণা করা হয়। অস্থায়ী বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান রায় ঘোষণা করেন। এসময় রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারসহ ১৫টি বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন বিচারক।
মামলার চার আসামির মধ্যে হারিছ চৌধুরি পলাতক হলেও বাকি তিনজন- খালেদা জিয়া, জিয়াউল ইসলাম মুন্না এবং মনিরুল ইসলাম খান কারাগারে আছেন। এর আগে সকালে, খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে বিচারিক আদালতে রায় ঘোষণায় বাধা নেই বলে আদেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সাত বিচারকের বেঞ্চ এ আদেশ দেন। ৩ কোটি ১৫ লাখ টাকা অবৈধ লেনদেনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১১ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























