দুদিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল পৌনে ৪টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হন তিনি। এই সফরে প্রতিরক্ষা ও তথ্য-প্রযুক্তি সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
বুধবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে রিয়াদে বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগসহ সৌদিতে বাংলাদেশের কর্মী নিয়োগ, সামরিক এবং তথ্য-প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে সৌদি সমর্থন আদায়ের বিষয়টিও গুরুত্ব পাবে। দুই দেশের বেসরকারি খাতেও বেশকটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মক্কায় ওমরাহ করবেন প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























