রায় ঘোষণা কেন্দ্র করে বুধবার সকাল থেকেই নাজিমউদ্দিন রোডের বিশেষ জজ আদালতের আশপাশে ছিলো নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ঐতিহাসিক ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে।

দুপুরে জনাকীর্ন আদালতে বিচারক এ রায় ঘোষণা করেন। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুর রহমান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। আর বাকি ১১ আসামিকে নানা মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

বেলা সোয়া ১১টার দিকে লুৎফুজ্জামান বাবরসহ ৩১ আসামিকে আদালতে আনা হয়। কিছুক্ষণ পরেই এজলাসে ওঠেন বিচারক শাহেদ নূর উদ্দিন। সংক্ষিপ্তভাবে রায় ঘোষণা করেন তিনি। আদালত জানান, গ্রেনেড হামলার পরিকল্পনা, বাস্তবায়নসহ ১৪টি বিষয়কে বিবেচনায় নেয়া হয়েছে। গ্রেনেড হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। আর হামলার ষড়যন্ত্র ও পরিকল্পনার দায়ে তারেক রহমান, হারিছ চৌধুরী ও মোফাজ্জেল হোসেন কায়কোবাদেরসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

তারেক রহমানসহ বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডে অসন্তোষ জানিয়েছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জানান, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। গ্রেনেড হামলার ঘটনায় হওয়া দুই মামলায় মোট আসামি ৪৯ জন। এর মধ্যে তারেকসহ পলাতক ১৮ জন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন বিশেষ জজ আদালতের বিচারক শাহেদ নূর উদ্দিন।

আসামিদের মধ্যে পলাতক রয়েছেন ১৮ জন, তারা হলেন- তারেক রহমান, হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, এটিএম আমিন, সাইফুল ইসলাম জোয়ার্দার, খান সাঈদ হাসান, ওবায়দুর রহমান, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, রাতুল বাবু, মোহাম্মদ হানিফ, আবদুল মালেক, শওকত হোসেন, মাওলানা তাজউদ্দিন, ইকবাল হোসেন, মাওলানা আবু বকর, খলিলুর রহমান ও জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক রাষ্ট্রপতি (প্রয়াত) জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন ও তিন শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনার পরদিন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে