নির্বাচনের তফসিলের আগে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবি জানিয়েছে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে বিকেলে এ দাবি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় গেলে ১২টি লক্ষ্য বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি।
সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা আসতে থাকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। বেলা দুইটায় শুরু হয় সমাবেশ। জনসভার ব্যানারে প্রধান অতিথি হিসেবে ছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নাম। মঞ্চে প্রতীকীভাবে একটি খালি চেয়ারও রাখা হয়। সমাবেশে বৃহত্তর ঐক্য গড়ে তুলে দাবি আদায়ের আহ্বান জানান মওদুদ আহমদ, মীর্জা আব্বাসসহ জ্যেষ্ঠ নেতারা। সমাবেশ থেকে সাত দফা দাবি জানায় বিএনপি। এর মধ্যে রয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার আগে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেকের মামলা প্রত্যাহার। এছাড়া সংসদ ভেঙে নিরপেক্ষ সরকার গঠন, ইসি পুনর্গঠন, ভোটের সময় বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন ও পর্যবেক্ষকদের স্বাধীনতা নিশ্চিতের দাবিও জানিয়েছে দলটি।
দাবি আদায়ে ৩ অক্টোবর জেলায় ও ৪ অক্টোবর মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
ইন্ডিপেনডেন্ট



























