নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা রাষ্ট্রপতির কাছে দিতে চায় বিএনপি। সাক্ষাতের অনুমতি চেয়ে বঙ্গভবনে দেয়া হচ্ছে চিঠি। সেসময় চলমান সংকট নিরসনে রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাবেন তারা। তবে এতে বড় কোনো পরিবর্তন আসবে বলে মনে করছেন না কোনো কোনো নেতা।

নির্বাচন প্রশ্নে সংলাপের প্রস্তাব সরকার নাকচ করে দিলেও, হাল ছাড়তে রাজি নয় বিএনপি। এবার সংকট সমাধানে উদ্যোগের আহ্বান নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন দলটির নেতারা। তার হাতেই দেয়া হবে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা। রূপরেখার খসড়া চূড়ান্তে এরই মধ্যে বৈঠক সেরেছেন স্থায়ী কমিটির সদস্যরা। এসেছ বেশ কিছু সংযোজন-বিয়োজনও।

এতে থাকছে, নির্বাচনকালীন সরকারের তিন মাস প্রধানমন্ত্রীকে ছুটিতে থাকার প্রস্তাব। থাকছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট কোটায় নিরপেক্ষ ব্যক্তিদের রাখার দাবি। এই সহায়ক সরকার সংবিধান সংশোধন করে বা না করেও গঠন সম্ভব বলে মত বিএনপির। প্রধানমন্ত্রী পদে নিরপেক্ষ কেউ অথবা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্বের বিষয়টিও থাকছে রূপরেখায়।

এদিকে রাষ্ট্রপতির কাছে গিয়ে চলমান সংকটের কোনো সমাধান হবে না বলে মনে করছেন বিএনপিরই কোনো কোনো নেতা। তবে দেশের স্বার্থে আলোচনার উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতি একটি সমাধানের পথ বের করবেন বলে আশা বিএনপির বেশিরভাগ নেতার।

ইন্ডিপেন্ডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে