একাত্তরের জননীখ্যাত লেখক রমা চৌধুরী মারা গেছেন। ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেলে তার মৃত্যু হয়। বয়স হয়েছিলো ৭৭ বছর।
সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য, তার মরদেহ চট্টগ্রাম শহীদ মিনারে নেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। রাতেই দেয়া হয় লাইফ সাপোর্ট। গত বছরের ডিসেম্বরে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙ্গে যায়, একাত্তরের এই বীরাঙ্গনার। পাশাপাশি বিভিন্ন রোগে ভুগতে থাকায়, তখন থেকে হাসপাতালেই ছিলেন তিনি।
১৯৪১ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম নেন রমা চৌধুরী। দীর্ঘজীবন শিক্ষকতা করেছেন, লিখেছেন ১৯টি বই। চট্টগ্রাম নগরীতে খালি পায়ে বিচরণ ছিল তার।
অনলাইন ডেস্ক














