সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হলে জনগণ তা প্রতিহত করবে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বের বিভিন্ন দেশ এ প্রযুক্তি থেকে সরে আসছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ যন্ত্রে ভর করে ক্ষমতা ধরে রাখতে চাইছে। তবে সময় ও খরচ সাশ্রয়ে আবারও ইভিএমের পক্ষে অবস্থানের কথা জানিয়েছেন ওবায়দুল কাদের।
একাদশ সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ইভিএম ব্যবহার প্রশ্নে মুখোমুখি বড় দুই দল। শুরু থেকেই এর বিপক্ষে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল। তবে সময় ও খরচ সাশ্রয়ের বিবেচনায় ইভিএমে ভোটের পক্ষে আওয়ামী লীগ। এ অবস্থায় ইভিএম প্রশ্নে বিএনপির অবস্থান স্পষ্ট করতে আবারও সংবাদ সম্মেলনে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, বেশিরভাগ দলের মত উপেক্ষা করে নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিলে তা হবে আত্মঘাতী।ইভিএমে ভোট নিয়ে বিতর্ক থাকায় উন্নত বিশ্ব এ পদ্ধতি থেকে সরে আসছে বলেও জানান মির্জা ফখরুল। তবে পৃথিবীর অনেক দেশেই সময় ও খরচ সাশ্রয়ের জন্য ইভিএম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাশাপাশি এর পক্ষে অবস্থানের কথা আবারও জানান তিনি।
এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের পর তাদের আপত্তির মুখে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার কথা জানিয়েছিলো নির্বাচন কমিশন। তবে ভোটের মাস তিনেক আগে সে অবস্থান থেকে সরে আসছে তারা।
অনলাইন ডেস্ক



















