ঢাকাঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু খোলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ‘একাত্তরের ঘাতক, পঁচাত্তরের খুনি, ২১ আগস্টের গ্রেনেড হামলা ও আগুনসন্ত্রাসের খুনি ও জঙ্গিদের প্রশ্রয়দাতা যে জিয়া-খালেদা-তারেক, একথা কেউ অস্বীকার করতে পারবেনা। একারণেই কোনো অজুহাতেই তাদের রাজনীতিতে হালাল করা উচিত নয়।’
মন্ত্রী শনিবার তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত আলোচনা সভা‘য় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘খালেদা-তারেক চক্র এখনো তাদের স্বভাবসুলভ চক্রান্ত অব্যাহত রেখেছে, নির্বাচন বানচাল করে দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে।”এ কুচক্রীদের হাত থেকে দেশ রক্ষা করতেই হবে’ উল্লেখ করে ইনু বলেন, ‘সেজন্য নির্বাচন ও গণতন্ত্রের উছিলায় জিয়া-খালেদা-তারেকের হত্যা-খুন-লুটপাটের দুষ্কর্ম আড়াল করতে সাফাই গাওয়া চলবেনা।’
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদের সভাপতিত্বে শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, জাসদ নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সভায় যোগ দেন।
তথ্য মন্ত্রণালয়














