তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি-মাদকদমন যুদ্ধের ভেতরেই যথাসময়ে নির্বাচন করতে হবে।কোনো অপরাধীর মুক্তিকে উছিলা বানিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হবেনা।
সোমবার বিকেলে ঢাকার মিরপুরে ভাষানটেক বাজারে জাসদের মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।’জঙ্গি ও মাদককারবারিরা রাজনীতি ও সমাজের বিষাক্ত কেউটে সাপ’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক শান্তির জন্য জঙ্গিদমন আর পারিবারিক ও সামাজিক সুস্থতার জন্য মাদককারবারিদের ধ্বংস করার বিকল্প নেই।’
‘বাংলাদেশকে টিকিয়ে রাখতে শেখ হাসিনার পাশে থাকুন, পাকিস্তানপন্থী খালেদা জিয়াকে বর্জন করুন’, বলে জনসমাবেশে আহবান জানিয়ে জাসদ সভাপতি ইনু বলেন, ‘নির্বাচনের নামে কোনোভাবেই অপরাধী, খুনি, যুদ্ধাপরাধী, আগুনসন্ত্রাসী হালাল হবে না। গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রের পিঠে ছোবল হানার আর সুযোগ দেয়া হবে না।’দেশের মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে রয়েছে উল্লেখ করে ইনু বলেন, ‘খালেদা জিয়া-বিএনপি-জামাত উন্নয়নবিরোধী শক্তি,অশান্তির শক্তি। এদের রাজনীতি, নির্বাচন, সমাজে আর সুযোগ দেয়া হবে না।’
জাসদ ঢাকা পশ্চিমের সভাপতি মাইনুর রহমানের সভাপতিত্বে জাসদ নেতৃবৃন্দের মধ্যে মীর হোসেন আখতার, নূরুল আখতার, মোঃ নুরুন্নবী, শফিউদ্দিন মোল্লা, সামছুল ইসলাম সুমন প্রমূখ সভায় মাদকবিরোধী বক্তব্য রাখেন।
বিডি টাইম্স নিউজ



















