বাংলাদেশ সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের অপারেশন্স সম্পর্কিত ব্যবস্থাপনা পরিচালক(এমডি) আনা বিয়ার্ড। এটি বাংলাদেশে আনা বিয়ার্ডের প্রথম দাপ্তরিক সফর। এক দিনের সফরে শনিবার(২৪’শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছান তিনি। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়। এতে বলা হয়, সফরকালে আনা বিয়ার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেখা করবেন। এছাড়া তিনি বেশ কয়েকজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সিভিল সোসাইটি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তার সফরসঙ্গী হিসেবে আছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাধীনতার পর এ দেশের প্রথম উন্নয়ন সহযোগীদের একটি হচ্ছে বিশ্বব্যাংক। সংস্থাটি এ পর্যন্ত বাংলাদেশকে ৪১ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে বেশির ভাগই সহজ শর্তের ঋণ ও অনুদান। বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) সবচেয়ে বড় কর্মসূচি চলছে।














