যুক্তরাষ্ট্রের আটলান্টায় সোমবার (১১ ডিসেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘের পাঁচ দিনব্যাপী দুর্নীতিবিরোধী সম্মেলন। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এবার এই দুর্নীতিবিরোধী সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। দশম ‘সেশন অব কনফারেন্স অব স্টেটস পার্টিস অব ইউএন কনভেনশন এগেইনস্ট করাপশন’ শীর্ষক সম্মেলনটিতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার আসিয়া খাতুন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেনসহ অপর কর্মকর্তারা ইতোমধ্যে আটলান্টায় গিয়ে পৌঁছেছেন।
জাতিসংঘের ড্রাগ অ্যান্ড ক্রাইম অফিসের তত্ত্বাবধানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্র এবারের সম্মেলনের আয়োজক হিসেবে দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বিশ্বনেতাদের সমবেত করছে। প্রতি দুই বছর অন্তর অন্তর দেশগুলো তাদের দুর্নীতিবিরোধী কার্যক্রম কিভাবে বাস্তবায়ন করছে- তা মূল্যায়নের জন্যে এই বৈঠকে মিলিত হয়।
‘দ্য ইউএন কনভেনশন এগেইনস্ট করাপশন’ দুর্নীতি প্রতিরোধে একমাত্র সর্বজনীন আইনগত বাধ্যতামূলক চুক্তি। বিশ্বের ১৯০টি দেশ এই চুক্তিতে সই করেছে। কনভেনশনটি ভিয়েনায় আলোচনা করে চূড়ান্ত করা হয় এবং ২০০৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ করা হয়।














