
দলের সংস্কার চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দলের সংস্কার করুন। এখন যেভাবে চলছে এভাবে একটা রাজনৈতিক দল চলে না। বুধবার (৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মেজর (অব.) হাফিজ বলেন, আমি শারীরিক কারণে শিগগির রাজনীতি থেকে অবসর নিব। ৩১ বছর বিএনপির রাজনীতি করেছি। এই দলেই থাকার চেষ্টা করবো। এই দলের সদস্য হিসেবেই রাজনীতি থেকে বিদায় নিতে চাই। তিনি বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। তার রোগ মুক্তি কামনা করেন। বিএনপির সকল ত্যাগি নেতার প্রতি অভিনন্দন জানিয়ে মেজর (অব.) হাফিজ বলেন, তারা রাজপথে যথেষ্ট ভূমিকা রেখেছেন। সস্ত্র প্রতিরোধের মুখে নিরস্ত্র বাহিনী কতটুকু করতে পারে? তবুও তাদের অনেকে জীবন দিয়ে গণতন্ত্রকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন তাদেরও ধন্যবাদ জানাই।



























