
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মুক্তির দাবিসহ দেশব্যাপী সর্বাত্মক অবরোধের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার (৩০’শে অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ বলেন, সরকার ও সরকারি দল তাদের নীলনকশার সাজানো নির্বাচনের ক্ষেত্র তৈরি করতেই বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা ও সন্ত্রাস চালিয়েছে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটককৃত নেতা কর্মীদের মুক্তি দাবি করেন। একই সঙ্গে নেতৃবৃন্দ গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে একজন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ অনতিবিলম্বে দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
সভায় নেতৃবৃন্দ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি জানান। নেতৃবৃন্দ দেশের গণতান্ত্রিক ধারার সকল প্রগতিশীল দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে এই গণআন্দোলনে ভূমিকা রাখার আহবান জানান। মঞ্চের সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।




























