ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ ডানস১০০ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। গত১৫ অক্টোবর রাজধানীতে একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এ উন্মোচন করা হয়। দেশের অর্থনীতির ১৫টি প্রধান খাতে অবদান রাখা ১০০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে উন্মোচন করা হয়েছে এই প্রকাশনা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট এসএএমই (সাউথ এশিয়া মিডল ইস্ট লিমিটেড)-এর সিইও রাজেশ মিরচান্দানি, ডি অ্যান্ড বি ডেটা অ্যান্ড অ্যানালিটিকস লিমিটেডের সিইও জারা মাহবুব ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. এম. মাসরুর রিয়াজ।
ডিএন্ডবি ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স লিমিটেডের সিইও জারা মাহবুব ডানস১০০-এ মনোনয়ন জমা দেওয়ার জন্য প্রকাশনার মোড়ক উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া মিডল ইস্ট লিমিটেডের সিইও রাজেশ মিরচান্দানি ডিঅ্যান্ডবি-এর কার্যক্রম তুলে ধরেন। তিনি তার ভাষণে প্রতিষ্ঠানের ইতিহাসও তুলে ধরেন। ডিএন্ডবি ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স লিমিটেডের সিইও মিসেস জারা মাহবুব বলেন, ‘এই প্রকাশনাটি শুধুমাত্র ডিএন্ডবি দ্বারা অনুমোদিত অসামান্য ব্যবসার একটি তালিকা নয়, এটি আমাদের দেশের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার একটি শক্তিশালী প্রমাণও।’
বাংলাদেশ বর্তমানে অর্থনীতিতে সাফল্যের স্বাক্ষর রেখে এগিয়ে চলেছে। ডানস১০০ এর স্বীকৃতির মাধ্যমে এ দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো নিজেদের বিশ্বাসযোগ্যতা তৈরি করার সুযোগ পাবে। সেই সঙ্গে নিজেদেরকে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার এবং নেটওয়ার্কিংয়ের সুবিধা পাবে।



























