
নোয়াখালী প্রতিনিধি।। ঢাকার পল্টনে বিএনপির মহাসমাবেশ শেষে নোয়াখালীতে ফেরার পথে বিএনপির ২০ নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে। রবিবার (২৯ অক্টােবর) সকালে এ তথ্য জানান নোয়াখালী জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টফি। তিনি বলেন, মহাসমাবেশ শেষে ঢাকা থেকে নোয়াখালী আসার পথে লাকসাম, সোনাইমুড়ী চৌরাস্তা, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর থেকে বিএনপির ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের অপরাধ কেনো তারা মহাসমাবেশে যোগদান করেছে। আটককৃতদের নাম ঠিকানা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার বলেন, ঢাকায় আমাদের ২০ জনের অধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এখন বাড়ি ফেরার পথে আরও ২০ জনকে আটক করা হয়েছে। আটককৃত নেতাকর্মীরা নিরপরাধ। আমি অনতিবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছি। নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, কয়েকজনকে আটক করা হয়ে। যাচাই বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।



























