রাজধানীর ফকিরাপুলে বিএনপি-জামায়াতের হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। আজ শনিবার (২৮শে অক্টোবর) বিকেলে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পুলিশ কনস্টেবলের নাম পারভেজ। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানান, নিহত পুলিশ সদস্যের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মারধরে তার ইউনিফর্ম ছিঁড়ে গেছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, নিহত ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত অবস্থায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের আরও ৪১জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে।



























