দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জাতির জন্য সংকটময় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। দেশে গণতন্ত্র ফেরানোকে মূল লক্ষ্য উলেখ করে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের কথাও জানান দলটির সিনিয়র নেতারা।
‘বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যত ও ইন্দো-প্যাসিফিক কৌশল’ শিরোনামে সোমবার রাজধানীর হোটেল লেকশোরে সেমিনারের আয়োজন করে বিএনপি। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। জাতীয় স্বার্থ সমুন্নত রেখে নিরাপদ, উদার, গণতান্ত্রিক ও স্থিতিশীল ইন্দো-প্যাসিফিক কৌশলকে স্বাগত জানিয়ে নিজেদের ৩৬ দফা কর্মকৌশল তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে চরম অন্যায়ের শিকার হয়েছে বিএনপি ও তার দলের নেতাকর্মীরা। সেমিনারে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়ে বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে। বিরোধীদলবিহীন নির্বাচন করতে ক্ষমতাসীনরা উঠে পড়ে লেগেছে বলেও অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল জানান, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপিসহ বিরোধী জোট।



























