অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়াতে কাঠামোগত সংস্কারের পথ খুঁজছে সরকার। সোমবার(২৫’শে সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্টবিষয়ক সামিটে তিনি এ কথা জানান। তিনি বলেন, বৈধ পথে রেমিট্যান্স আসলে বর্তমান অর্থনৈতিক সংকটের অনেকটা সমাধান হতো।
অর্থমন্ত্রী বলেন, সরকার প্রবাসী আয় বৈধ পথে দেশে আনতে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে। তারপরও কাঙ্ক্ষিত মাত্রায় রেমিট্যান্স আসছে না। এ ক্ষেত্রে বিকল্প উপায় খুঁজে বের করার উদ্যোগ নেয়া হয়েছে। অর্থনৈতিক সংকট সামাল দিতে প্রবাসী আয়ের বিকল্প নেই। অন্য অনেক দেশের তুলনায় দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভালো বলেও জানান তিনি। সেমিনারে বক্তারা বলেন, সরকারি তহবিল ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগাতে হবে। অনলাইনে সরকারি অনেক সেবা ভোগ করছে সাধারণ মানুষ। আরও বিস্তৃত করতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর দক্ষ জনশক্তি আর সাইবার ঝুঁকির মতো বিষয়গুলো আগামী দিনের জন্য বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রধান আবদৌলায়ে সেক জানান, সামষ্টিক অর্থনীতির টেকসই নিশ্চিতে বাংলাদেশকে আয়-ব্যয় ব্যবস্থাপনায় ৬ খাতে সংস্কার চালিয়ে যেতে হবে।














