
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪-১৫ জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিট) জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে সুইজারল্যান্ড সরকারের পক্ষে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানান রাষ্ট্রদূত আনা ইফকোভিটস হর্নার (AMB. Anna Ifkovits Horner, Head of the State Division, Permanent Mission of Switzerland to United Nations and International Organizations Office in Geneva)। পরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান ও তাঁর স্ত্রী প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী জেনেভায় তাঁর আবাসস্থলের উদ্দেশ্যে রওয়ানা হন।



























