দক্ষতা ছাড়া বিদেশে শ্রমিকের কোনো বাজার নেই বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। রোববার বেলা ১২টায় নওগাঁর রানীনগরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ’সময় প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। দক্ষ হয়ে দেশের বাইরে গেলে নিজের এবং দেশের লাভ হবে। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার কোনো বিকল্প নেই। দক্ষ শ্রমিক ছাড়া বিদেশে শ্রমিকের বাজার নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দক্ষ শ্রমিক তৈরি করতে সারাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমান বিশ্বে দক্ষ শ্রমিকের উপযোগিতা এবং কদর বৃদ্ধি পেয়েছে। মানুষের দক্ষতার উন্নয়নের মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে সরকার নানা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি আরও বলেন, টিটিসির মতো এসব প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এমন অবস্থায় নিয়ে যেতে হবে, যাতে তা থেকে প্রশিক্ষণ শেষে অভিজ্ঞ প্রশিক্ষিতদের বিদেশে পাঠানো সম্ভব হয়। আগামী ২০৪০ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সহযোগিতা দেয়ার আহ্বান জানিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন। এখন বাংলাদেশের মানুষ শতভাগ সে সুবিধা ভোগ করছেন। বর্তমানে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন।

মন্ত্রী বলেন, উন্নয়নের সুফল পেতে সরকার দক্ষ কৃষকদেরও বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে কৃষকদেরও দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে। ধাপে ধাপে প্রতিটি উপজেলায় জনগণের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের। উদ্বোধনী অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, আইএমটি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে